আহমেদ খান পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত আসন্ন বলিউড সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আবারও বিতর্কের মুখে পড়েছে। প্রাথমিকভাবে আর্থিক সংকটের গুঞ্জন উঠলেও এবার মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে পেহেলগাম কাণ্ড।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আহমেদ খান জানান, চলতি মাসেই সিনেমাটির একটি বড় অংশের শুটিং হওয়ার কথা ছিল কাশ্মীরের পেহেলগামে। সেই শুটিং শেষ হলেই মূলত ছবির কাজ শেষ হতো। কিন্তু পেহেলগামের সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার কারণে সেখানে শুটিংয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে। এমন অবস্থায় বিপাকে পড়েছেন অক্ষয় কুমার।পরিচালক বলেন, ‘‘নিরাপত্তার কারণে বর্তমানে কাশ্মীরে শুটিং করা সমীচীন নয়।’’ তিনি আরও জানান, এখন বিকল্প হিসেবে হিমাচল প্রদেশ বা কুলুতে শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে।
আহমেদ খান ইঙ্গিত দেন, এত বড় তারকাবহুল একটি প্রোজেক্টে কাজ করাই চ্যালেঞ্জিং- কারণ এতে রয়েছেন ৩৬ জন অভিনেতা। তাঁদের এক জায়গায় একত্রিত করে শিডিউল মেলানো দারুণ কষ্টসাধ্য।
এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন- জ্যাকুলিন ফার্নান্দেজ, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, দিশা পাটানি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, রাবিনা ট্যান্ডন, লারা দত্ত, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং মিকা সিং।
অর্থনৈতিক সমস্যা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আর্থিক বিষয় তো প্রযোজকেরাই দেখেন।’’
এই পরিস্থিতিতে ছবির শুটিং আবার কবে শুরু হবে এবং প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে, তা নিয়ে তৈরি হয়েছে বড় ধোঁয়াশা।